হিঙ্গালগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, ভর্তি ভেন্টিলেশনে

উত্তর ২৪ পরগনার হিঙ্গালগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার রাতে নিজের বাড়িতে অসুস্থ বোধ করলে তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চার ঘণ্টা চিকিৎসার পরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। এরপর রবিবার ভোরে তাঁকে কলকাতার ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিষক্রিয়ার সন্দেহে তাঁর স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন। বিধায়কের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় এলাকা ও রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। চিকিৎসকরা তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *