হায়দরাবাদের হোটেলে মার্কিন নাগরিকের রহস্যমৃত্যু! – বর্তমান বাংলা

হায়দরাবাদের হোটেলে মার্কিন নাগরিকের রহস্যমৃত্যু! – বর্তমান বাংলা

ভারত সফরে এসে হায়দরাবাদে মার্কিন নাগরিকের রহস্যমৃত্যু

হায়দরাবাদ: ভারত সফরে এসে হায়দরাবাদের একটি হোটেলে এক মার্কিন নাগরিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ওই ব্যক্তির নাম মিচেল ব্রায়ান লি (৪১)। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও হোটেল সূত্রে জানা গিয়েছে, ব্যবসার কাজে গত ২ নভেম্বর ডেভিড নামে এক সঙ্গীর সঙ্গে হায়দরাবাদে আসেন মিচেল ব্রায়ান লি। তাঁরা শহরের গাছিবাউলির এসএলএন টার্মিনাসে অবস্থিত ‘ম্যারিয়ট এক্সিকিউটিভ অ্যাপার্টমেন্টস’ হোটেলে ওঠেন। হোটেলের ১২ তলার ১২১৮ নম্বর ঘরে ছিলেন লি।

হোটেল কর্তৃপক্ষের দাবি, গত ৪ নভেম্বর সন্ধ্যা থেকে লি-র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। বারবার ফোন করেও কোনো উত্তর না পাওয়ায় কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর ৫ নভেম্বর সন্ধ্যা ৬টা নাগাদ হোটেলের কর্মীরা ওই ঘরের দরজা খোলেন। ভেতরে লি-কে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। পাশাপাশি, এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনো পারিপার্শ্বিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *