হরমুজ প্রণালী উত্তাল, বিশ্ব বাণিজ্যে ইরান-আমেরিকা সংঘাতের ছায়া!
হরমুজ প্রণালী পুনরায় বন্ধ, বিশ্ব জ্বালানি সরবরাহে শঙ্কা
দীর্ঘ ৫০ দিন পর পারস্য উপসাগরের হরমুজ প্রণালী পুনরায় উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননে যুদ্ধবিরতির আবহে ইরান এই গুরুত্বপূর্ণ জলপথটি খুলে দেওয়ার ঘোষণা দিলেও, শনিবার তা আবার বন্ধ করে দিয়েছে। ইরানের অভিযোগ, আমেরিকা দফায় দফায় প্রতিশ্রুতি ভঙ্গ করে ইরানি বন্দরে অবরোধ জারি রেখেছে। এর প্রতিবাদে তেহরান এই কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে।
ইরানি নৌবাহিনী হরমুজ প্রণালীতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং জাহাজ চলাচলের জন্য নতুন প্রোটোকল চালুর কথা জানিয়েছে। যে সকল বাণিজ্যিক জাহাজ নির্দিষ্ট ‘নিরাপত্তা শুল্ক’ প্রদান করবে, তাদের যাতায়াতে অগ্রাধিকার দেওযা হবে। এই নিষেধাজ্ঞার ফলে শনিবার হরমুজ অতিক্রম করতে চাওয়া অন্তত ২৭টি জাহাজ মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে।
এই সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ করে তেহরান ওয়াশিংটনকে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না। অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই বলেছেন, শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ আস্বাদ করাতে তাদের নৌবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। আমেরিকাও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেল ট্যাঙ্কারগুলো বাজেয়াপ্ত করা হতে পারে। মার্কিন বন্দর অবরোধ না তোলা পর্যন্ত ইরান এই জলপথ পুরোপুরি সচল করতে নারাজ। এই উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে।