হঠাৎ সুর বদল ট্রাম্পের, ইরানে হামলা হচ্ছে না!
ইরানে সামরিক অভিযানের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপাতত তেহরানে কোনো হামলা চালানো হচ্ছে না এবং খুব শীঘ্রই দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনার প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে ইরান। এই সমঝোতা প্রক্রিয়ায় আমেরিকা ছাড়াও ইজরায়েল, সৌদি আরব, কাতার ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশ যুক্ত রয়েছে। তবে চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর নজরদারি অব্যাহত থাকবে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।
ট্রাম্পের এমন বক্তব্যের বিপরীতে ইরান এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তেহরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আমেরিকার সঙ্গে প্রাথমিক কোনো সমঝোতার খসড়া এখনও অনুমোদিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তা নিরসনে এই ৬০ দিনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, চুক্তিটি সফল হলে আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি ফিরবে, তবে ইরান যদি শেষ পর্যন্ত খসড়া থেকে পিছু হটে, তবে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হতে পারে।