হকারদের জন্য স্বস্তির খবর, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ নয় হাইকোর্টের কড়া নির্দেশ!

রাজ্যজুড়ে বিভিন্ন রেল স্টেশনে হকার উচ্ছেদ অভিযানের ওপর বড়সড় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বালিগঞ্জ, যাদবপুর ও বনগাঁসহ ২৫টি স্টেশনের হকাররা আকস্মিক উচ্ছেদ ও রুটি-রুজি হারানোর আশঙ্কায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এই মামলার শুনানিতে বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চ আগামী ৩১ জুন পর্যন্ত উচ্ছেদ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে। আদালতের নির্দেশে বলা হয়েছে, উচ্ছেদের আগে রেল কর্তৃপক্ষকে বিতর্কিত এলাকা সশরীরে পরিদর্শন করতে হবে এবং বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে।

আদালত স্পষ্ট জানিয়েছে, রেলের জমি উদ্ধারের অধিকার থাকলেও উচ্ছেদের আগে হকারদের পুনর্বাসনের বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে এবং এই সংক্রান্ত পরিকল্পনা আদালতকে জানাতে হবে। এছাড়া, যেসব হকারের কাছে ব্যবসা করার বৈধ অনুমতি রয়েছে, তাঁদের সরাতে হলে রেলকে অবশ্যই আইনি নোটিশ দিতে হবে। শুনানিতে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন যে, আচমকা উচ্ছেদের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। অন্যদিকে, রেল কর্তৃপক্ষের দাবি, ১৮৮১ সালে তাঁদের জমি কেনার নোটিশ দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত আপাতত ৩১ জুন পর্যন্ত উচ্ছেদে স্থগিতাদেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *