স্ত্রীর ক্যানসার-যুদ্ধ বদলেছে জীবন! ভারতের বিরুদ্ধে লড়াইয়ের আগে আবেগপ্রবণ টিকনার – বর্তমান বাংলা

স্ত্রীর মারণজয়ের অভিজ্ঞতা বদলে দিয়েছে জীবনদর্শন, ক্রিকেট উপভোগই এখন লক্ষ্য ব্লেয়ার টিকনারের
ক্রীড়া প্রতিবেদন: ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ম্যাচে কিউয়ি বোলার ব্লেয়ার টিকনারের অনবদ্য ব্যাটিং কেবল ক্রিকেটপ্রেমীদের নজরই কাড়েনি, বরং তাঁর জীবনযুদ্ধের কাহিনীও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ইডেন পার্কে নিউজিল্যান্ডের হয়ে ১১ নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের পরাজয়ের ব্যবধান কমিয়েছিলেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। তাঁর ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও চারটি ছক্কা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়েও বড় হয়ে উঠেছে তাঁর মানসিক পরিবর্তনের বিষয়টি।
ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতার কথা উল্লেখ করে টিকনার জানিয়েছেন, ক্রিকেটই এখন তাঁর কাছে সব নয়। কেরিয়ারের শুরুর দিকে নিজের উপর যে প্রবল চাপ অনুভব করতেন, এখন আর তা করেন না। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রয়েছে তাঁর স্ত্রী সারাহর মারণরোগের বিরুদ্ধে লড়াইয়ের।
২০২৪ সালের মে মাসে টিকনারের স্ত্রী সারাহ ‘অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া’ (এক ধরনের ব্লাড ক্যানসার) আক্রান্ত হন। এরপর দুই বছরেরও বেশি সময় ধরে চলে চিকিৎসা, যার মধ্যে আট মাস ছিল অত্যন্ত কষ্টসাধ্য কেমোথেরাপির সময়। ছোট্ট সন্তান ও অসুস্থ স্ত্রীকে নিয়ে সেই অনিশ্চয়তার দিনগুলোই টিকনারের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। সারাহ বর্তমানে সুস্থ।
এই প্রসঙ্গে টিকনার বলেন, “আমার জীবনে ওঠাপড়া এসেছে। কেরিয়ারের শেষের দিকে দাঁড়িয়ে এখন আমি ক্রিকেটটা উপভোগ করতে চাই। পরিবারের পাশে থাকাটা সবসময়ই বড় শক্তি। সারাহর ক্যানসার জয়ের সেই কঠিন সময়টিই আমাকে শিখিয়েছে, মাঠের বাইরেও জীবনের এক বিশাল জগৎ রয়েছে।”
আউট হওয়ার পরেও মাঠ ছাড়ার সময় তাঁর মুখে থাকা হাসিই যেন সেই নতুন জীবনদর্শনের প্রতিফলন। এখন থেকে আর প্রত্যাশার চাপে নয়, বরং আনন্দ নিয়েই খেলতে চান এই কিউয়ি পেসার।