স্কুলের দেওয়ালে গেরুয়া প্রলেপ! চুঁচুড়ায় তুঙ্গে রাজনৈতিক তরজা – বর্তমান বাংলা

স্কুলের দেওয়ালে গেরুয়া প্রলেপ! চুঁচুড়ায় তুঙ্গে রাজনৈতিক তরজা – বর্তমান বাংলা

স্কুলবাড়িতে বিধায়কের কার্যালয়, চুঁচুড়ায় রাজনৈতিক তরজায় তুঙ্গে গেরুয়া রঙ বিতর্ক

নিজস্ব প্রতিবেদন, চুঁচুড়া: হুগলির চুঁচুড়ার সিমলাপুলের কাছে অবস্থিত সিমলা হরিচরণ প্রাথমিক বিদ্যালয়ের ভবন দখল করে গেরুয়া প্রলেপ দিয়ে বিধায়কের কার্যালয় তৈরির অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিদ্যালয়টির একাংশে বিধায়কের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স লাগানো নিয়ে সরব হয়েছে তৃণমূল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোতলা এই বিদ্যালয়টি বর্তমানে বন্ধ এবং পড়ুয়াদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে ভবনটির একতলায় ‘বিধায়ক সেবা কেন্দ্র’ গড়ে তোলা হয়েছে, যেখানে বিজেপির স্থানীয় বিধায়ক সবীর নাগের কাটআউট ও ফ্লেক্স শোভা পাচ্ছে। সরকারি নথিতে ভবনটি এখনও প্রাথমিক বিদ্যালয় হিসেবে নথিভুক্ত থাকায়, কীভাবে সেখানে রাজনৈতিক কার্যালয় তৈরি হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “রাজ্যজুড়ে অগণতান্ত্রিক কার্যকলাপ চলছে। নিয়ম-কানুনের তোয়াক্কা না করে সরকারি বিদ্যালয় দখল করেছে বিজেপি।” তাঁর অভিযোগ, সরকারি দপ্তরে এভাবে রাজনৈতিক কার্যালয় স্থাপন করা সম্পূর্ণ অনৈতিক।

তবে তৃণমূলের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন চুঁচুড়ার বিজেপি বিধায়ক সবীর নাগ। তিনি দাবি করেন, ভবনটি কোনো সরকারি সম্পত্তি নয়, বরং এটি ব্যক্তিগত মালিকানাধীন। বিধায়ক বলেন, “বাড়ির মালিক স্বয়ং বিজেপি কার্যকর্তাদের কার্যালয় করার অনুমতি দিয়েছেন। প্রাথমিক স্কুল অন্যত্র স্থানান্তরিত হয়ে যাওয়ায় এই জায়গাটি খালি ছিল। আমার কাছে যথাযথ লিজ এগ্রিমেন্ট ও ভাড়ার নথি রয়েছে।” তিনি আরও জানান, ভবনটির একাংশে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার বিষয়টি আগের মতোই বহাল থাকবে।

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই নবান্ন থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে গেরুয়া রঙের ব্যবহার নিয়ে বারবার রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের পর এবার চুঁচুড়ার স্কুলের গায়ে গেরুয়া রঙের আঁচড় রাজনৈতিক উত্তাপকে নতুন মাত্রা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *