সেলফি নয়, মায়ের নামে গাছ লাগানোর বার্তা দিলেন স্পিকার রথীন্দ্রনাথ বোস

রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বোস পরিবেশ রক্ষায় এক অভিনব বার্তা দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর সঙ্গে ছবি তোলার পরিবর্তে সাধারণ মানুষ যেন একটি করে গাছ লাগান।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এই উদ্যোগ অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির প্রসঙ্গ টেনে স্পিকার বলেন, মা আমাদের ভালোবাসার আশ্রয়। তাই মায়ের নামে গাছ লাগানো একটি মহৎ কাজ।

তিনি ফেসবুকে লিখেছেন, যারা তাঁর সঙ্গে ছবি তুলবেন, তাঁদের কাছে তাঁর একান্ত অনুরোধ, ছবি তোলার পর যেন অবশ্যই একটি করে গাছ লাগানো হয়।

শুধু সাধারণ মানুষ নয়, রাজ্যের সমস্ত বিধায়কদের কাছেও তিনি বিশেষ আবেদন জানিয়েছেন। স্পিকারের আর্জি, প্রত্যেক বিধায়ক যেন তাঁদের নিজ নিজ বিধানসভা এলাকায় প্রতি মাসে অন্তত ১০০টি করে গাছ লাগানোর উদ্যোগ নেন। এই প্রচেষ্টার মাধ্যমে এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পরিবেশ রক্ষায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *