সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন মীনাক্ষী, রাজ্যসভা নির্বাচনে হস্তক্ষেপ করতে অস্বীকার আদালতের!
মধ্যপ্রদেশের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। হলফনামায় তথ্য গোপনের অভিযোগে রিটার্নিং অফিসার তাঁর প্রার্থিতা খারিজ করার পর কংগ্রেস এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। তবে আদালত স্পষ্ট জানিয়েছে, রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।
গত সোমবার হলফনামায় তথ্য গোপনের সুনির্দিষ্ট অভিযোগে রিটার্নিং অফিসার মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল করেন, যার ফলে বিজেপি প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষিত হন। কংগ্রেস এই প্রক্রিয়াকে ‘বেআইনি’ আখ্যা দিলেও শীর্ষ আদালত তা গ্রহণ করেনি। আদালত জানিয়েছে, এই মুহূর্তে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয়। তবে কংগ্রেস প্রার্থীকে আইনি সুরাহার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে সুপ্রিম বেঞ্চ এবং কমিশনের নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিতে বলা হয়েছে।