সীমান্তে কড়া নিরাপত্তা! পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ নেপালি ও ভুটানি নাগরিকরা – বর্তমান বাংলা

সীমান্তে কড়া নিরাপত্তা! পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ নেপালি ও ভুটানি নাগরিকরা – বর্তমান বাংলা

সীমান্ত সুরক্ষায় কড়াকড়ি: ভারত, নেপাল ও ভুটান যাত্রায় পরিচয়পত্র বাধ্যতামূলক করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: সীমান্তে অনুপ্রবেশ ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মাথায় রেখে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাতায়াতকারী নাগরিকদের জন্য নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সম্প্রতি ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স (এক্সেম্পশন) অ্যামেন্ডমেন্ট অর্ডার, ২০২৬’ শীর্ষক এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, ভারত থেকে নেপাল বা ভুটান এবং এই দেশগুলি থেকে ভারতে স্থলপথ বা আকাশপথে যাতায়াতের সময় ইমিগ্রেশন কর্মীদের কাছে ভারতীয় ভিসা ম্যানুয়াল অনুযায়ী যেকোনো একটি বৈধ পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবেশ ও প্রস্থান পথে প্রতিটি ব্যক্তিকে যথাযথভাবে শনাক্ত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, নেপাল বা ভুটান ভ্রমণে শুধু আধার কার্ডকে বৈধ পরিচয়পত্র হিসেবে গণ্য করা হবে না। এছাড়া, এই দুই দেশের পথ ব্যবহার করে অন্য কোনো তৃতীয় দেশে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং নির্দিষ্ট ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করতে হবে।

নির্দেশনায় আরও জানানো হয়েছে, চিন, হংকং, ম্যাকাও বা পাকিস্তান হয়ে ভারতে প্রবেশকারী নেপালি ও ভুটানি নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট ও ভিসা—উভয়ই থাকা বাধ্যতামূলক।

কাদের জন্য ছাড়:
স্বরাষ্ট্র মন্ত্রকের এই নিয়মে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে:
১. ভারতীয় নৌ, সেনা ও বিমান বাহিনীর কর্তব্যরত কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা।
২. ২০১৫ সালের ৯ জানুয়ারির আগে ভারতে আশ্রয় নেওয়া নিবন্ধিত শ্রীলঙ্কান ও তামিল নাগরিক।
৩. সামরিক জাহাজ মেরামতের কাজে আসা বিদেশি নাবিক।
৪. কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত তিব্বতি নাগরিক।
৫. আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশকারী সংখ্যালঘু (হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান) সম্প্রদায়ের মানুষ।

উল্লেখ্য, উত্তরবঙ্গ থেকে সম্প্রতি এক চিনা নাগরিককে গুপ্তচর সন্দেহে গ্রেপ্তারের ঘটনার পর দেশের সীমান্ত নিরাপত্তা এবং অনুপ্রবেশ রোধে কেন্দ্রীয় সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *