সিনেমার হিরো হওয়ার লোভেই খোয়া গেল লাখ টাকা! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
সাইবার জালিয়াতির অভিনব ফাঁদে পড়ে সর্বস্বান্ত হলেন এক যুবক। নামী প্রযোজনা সংস্থার ভুয়ো ফেসবুক পেজের মাধ্যমে সিনেমার হিরো বানানোর লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণী থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তীর গলা নকল করেছিল প্রতারকরা। প্রথমে হোয়াটসঅ্যাপে ভুয়ো চুক্তিপত্র ও নথি পাঠিয়ে বিশ্বাস অর্জন করা হয়। এরপর এনরোলমেন্ট ও প্রোফাইল শুটের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে দফায় দফায় টাকা পাঠানো হলেও, পরবর্তীতে আরও অর্থের দাবি করায় যুবকের সন্দেহ হয়। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বরের সূত্র ধরে ওই সাইবার জালিয়াতচক্রের সন্ধান চালাচ্ছে পুলিশ।