সিঙ্গুর থেকে ডিএ, শুভেন্দুর প্রথম বাজেটে কি আসছে বড় চমক!
স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর অধীনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার প্রথম বাজেট আজ বিধানসভায় পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্যের আগামী পাঁচ বছরের উন্নয়নের দিশা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখা এই বাজেটে স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে রাজ্যের বর্তমান আর্থিক সংকট কাটাতে ও জনকল্যাণমুখী প্রকল্প সচল রাখতে কেন্দ্রের বিশেষ প্যাকেজের ওপর নজর রয়েছে বিশেষজ্ঞ মহলের। জল জীবন মিশনসহ কেন্দ্রের থমকে থাকা প্রকল্পগুলোর জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হতে পারে।
সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ এবং সপ্তম বেতন কমিশন চালু করার বিষয়টি এবারের বাজেটের অন্যতম প্রধান আকর্ষণ। বিজেপি নির্বাচনী ইশতেহারে এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, যার প্রেক্ষিতে ধাপে ধাপে ডিএ মেটানোর রোডম্যাপ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, শিল্পায়নের ওপর জোর দিয়ে সিঙ্গুরে পুনরায় টাটাকে ফিরিয়ে আনার উদ্যোগ ও শিল্প পুনর্গঠনের বার্তা দেওয়া হতে পারে। একইসঙ্গে কৃষি ক্ষেত্রে কেন্দ্রের ‘প্রধানমন্ত্রী কৃষি বিমা’ প্রকল্প চালু এবং সেচ ও কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকির জন্য বিশেষ বরাদ্দের সম্ভাবনা রয়েছে।