সিঙ্গুরে ফিরছে গাড়িশিল্প! নতুন আশায় বুক বাঁধছে বাংলা। – বর্তমান বাংলা

সিঙ্গুরে শিল্প স্থাপনের সম্ভাবনা, অশোক লেল্যান্ডের আগ্রহে আশাবাদী প্রশাসন
হুগলি: হুগলির পুড়শুড়ায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে সিঙ্গুরে শিল্পায়নের নতুন সম্ভাবনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বণিকসভার এক বৈঠকে শিল্পপতিদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে শিল্প স্থাপনের ব্যাপারে অশোক লেল্যান্ড গোষ্ঠী আগ্রহ প্রকাশ করেছে।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিঙ্গুরের বিধায়ক ডা. অরূপ কুমার দাস। তিনি জানান, মুখ্যমন্ত্রী আগেই তাঁকে সিঙ্গুরে শিল্প গড়ার বিষয়ে আশ্বস্ত করেছিলেন। বিধায়কের কথায়, “ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে।” তাঁর বিশ্বাস, আগামী দিনে শিল্প স্থাপনের মাধ্যমে সিঙ্গুরের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।
শিল্পের পাশাপাশি এলাকার আলুচাষিদের সমস্যার বিষয়টিও বিধায়ক তুলে ধরেন। তিনি জানান, আগে ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে যে বাধা ছিল, তা বর্তমানে দূর হয়েছে। কৃষকদের আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচাতে মুখ্যমন্ত্রী আলুর সহায়ক মূল্য কুইন্টালপ্রতি ১১২০ টাকা নির্ধারণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
সিঙ্গুরে শিল্প সম্ভাবনা এবং আলুচাষিদের সমস্যা সমাধানের আশ্বাসে স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে অশোক লেল্যান্ডের আগ্রহের কথা সামনে এলেও, এই প্রকল্পের সময়সীমা, বিনিয়োগের পরিমাণ কিংবা কর্মসংস্থানের সুনির্দিষ্ট রূপরেখা সম্পর্কে এখনও বিস্তারিত কোনো তথ্য সরকারিভাবে জানানো হয়নি।