সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

সাহারা মরুভূমিতে মিলল ৪১০ কোটি বছরের প্রাচীন মঙ্গল গ্রহের উল্কাপিণ্ড

আফ্রিকার সাহারা মরুভূমিতে ২০২২ সালে আবিষ্কৃত একটি উল্কাপিণ্ড বিজ্ঞানীদের গবেষণায় নতুন দিশা দেখাচ্ছে। মালির লবণাক্ত সমভূমি থেকে উদ্ধার হওয়া এই শিলাখণ্ডটির নাম দেওয়া হয়েছে ‘তেঘাজ়া ০০১’। মোট আটটি টুকরোয় পাওয়া এই উল্কাপিণ্ডের ওজন প্রায় ৭৯৮.৫ গ্রাম। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির জ্যোতির্বিজ্ঞানী ইয়াং লিউয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গিয়েছে, এই শিলাখণ্ডটির বয়স অন্তত ৪১০ কোটি বছর। মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে আসা প্রাচীনতম উল্কাপিণ্ডগুলির মধ্যে এটি অন্যতম।

গবেষকদের মতে, এই উল্কাপিণ্ডটি মঙ্গলের ম্যান্টল থেকে বেরিয়ে আসা ম্যাগমা থেকে তৈরি হয়েছে। এর মধ্যে থাকা জিরকন স্ফটিক বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এর বয়স নির্ধারণ করেছেন। জিরকনকে ‘টাইম ক্যাপসুল’ হিসেবে গণ্য করা হয়, যা শিলার গঠনকাল নির্ভুলভাবে বুঝতে সাহায্য করে। বিজ্ঞানীদের ধারণা, মঙ্গলের দক্ষিণ ভাগের উচ্চভূমির কোনো একটি অঞ্চল থেকে এটি ছিটকে মহাকাশে বেরিয়ে এসেছিল এবং দীর্ঘ সময় ভ্রমণের পর পৃথিবীতে আছড়ে পড়ে।

এই উল্কাপিণ্ডটি মঙ্গল গ্রহের আদিম অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে মঙ্গল গ্রহ রুক্ষ ও শুষ্ক হলেও, অতীতে সেখানে তরল জলের অস্তিত্ব ছিল। এই শিলাখণ্ডটি এমন এক সময়ের সাক্ষী, যখন মঙ্গলের পরিবেশ আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ছিল। এই আবিষ্কারের ফলে মঙ্গল গ্রহের প্রাথমিক বিবর্তন এবং সেখানে জলের উপস্থিতি সংক্রান্ত রহস্য উন্মোচনের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *