সরকারি ত্রাণের পাহাড় শ্রীভূমির ক্লাবে, সুজিত বসুর এলাকায় চরম দুর্নীতি!

লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের একটি ঘরে মজুত রাখা বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ঘর থেকে কলকাতা পুরসভার ছাপ মারা বালতি, রান্নার সরঞ্জাম, হাজার হাজার কম্বল, লুঙ্গি ও শিশুদের পোশাক উদ্ধার করা হয়েছে। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় কোটি কোটি টাকার এই ত্রাণসামগ্রী বর্তমানে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ২০২২ সালের শিক্ষক দিবসের লোগো সম্বলিত উপকরণ ছাড়াও ২০২৪ থেকে ২০২৬ সালের গঙ্গাসাগর মেলায় আসা বিশেষ অতিথিদের জন্য বরাদ্দ সরকারি উপহারের বিশাল স্টক পাওয়া গেছে। ‘বিশ্ব বাংলা’ ব্র্যান্ডের লোগো লাগানো পিতলের পাত্র ও গঙ্গাজলের ঘটিসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী সেখানে মজুত ছিল। ওই সময় গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তৎকালীন মন্ত্রী ও স্থানীয় বিধায়ক সুজিত বসু। এই ঘটনার জেরে সুজিত বসু এবং বিধাননগর পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা।

সাধারণ মানুষের প্রাপ্য ত্রাণ সামগ্রী সরকারি গুদামে না রেখে ক্লাবের ঘরে আটকে রাখার অভিযোগ তুলে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। ত্রাণ বিতরণে এই গাফিলতি ও সামগ্রীগুলো গোপন করে রাখার উদ্দেশ্য নিয়ে শাসকদলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী পক্ষ। ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *