সমবায় ব্যাঙ্কের ওপর বড় কোপ, টাকা তোলার সীমা মাত্র ১ লক্ষ!
আর্থিক অবস্থার ক্রমাগত অবনতির কারণে মহারাষ্ট্রের মোগাভিরা কো-অপারেটিভ ব্যাঙ্কের ওপর আগামী ছয় মাসের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। গ্রাহকদের স্বার্থ রক্ষা ও ব্যাঙ্কের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে শীর্ষ ব্যাঙ্ক এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিলের কোনো নির্দেশ নয় এবং নির্দিষ্ট বিধিনিষেধ মেনে ব্যাঙ্কিং কার্যক্রম অব্যাহত থাকবে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ছয় মাস এই ব্যাঙ্ক কোনো নতুন ঋণ মঞ্জুর বা পুরনো ঋণের নবীকরণ করতে পারবে না। পাশাপাশি নতুন আমানত গ্রহণ, কোনো ধরনের বিনিয়োগ বা অর্থ ধার নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ের মধ্যে গ্রাহকরা তাদের সেভিংস, কারেন্ট বা অন্য যেকোনো অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন, তবে ঋণের ইএমআই জমা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। এছাড়া, ডিআইসিজিসি (DICGC)-এর নিয়ম অনুযায়ী যোগ্য আমানতকারীরা তাদের আমানতের বিপরীতে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমা সুবিধা পাওয়ার যোগ্য বলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে।