সন্দেশখালিতে ফের তাণ্ডব, বাড়ি ঢুকে মারধর ও প্রাণনাশের হুমকি!
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে মাছের ভেড়ি দখলকে কেন্দ্র করে এক স্থানীয় বাসিন্দাকে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জাকির সরদার, বাবলু মোল্লা ও শফিকুল মোল্লাসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়েরের পর এলাকায় নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সোমবার রাতে ভেড়ি থেকে বাড়ি ফেরার পথে জনাব মল্লিক নামের ওই ব্যক্তি হামলার শিকার হন। অভিযোগ, শাহজাহান-বাহিনীর সদস্যরা পথ আটকে তাঁকে মারধর করে এবং পুনরায় ভেড়িতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এখানেই শেষ নয়, রাতে দুষ্কৃতীরা আক্রান্তের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সদস্যদেরও হুমকি প্রদান করে। এ ঘটনার তদন্ত শুরু করেছে ন্যাজাট থানা, তবে ফের শাহজাহান অনুগামীদের দাপট শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।