সন্তানকে পর্নোগ্রাফি দেখালো মা! লেকটাউনে চাঞ্চল্য!
নিজ দুই সন্তানকে যৌন হেনস্থা ও নির্যাতনের অভিযোগে মা গ্রেপ্তার
কলকাতার লেকটাউনে এক মর্মান্তিক ঘটনায় নিজের ১০ বছরের যমজ সন্তানকে যৌন হেনস্থা এবং অকথ্য নির্যাতনের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি সন্তানদের জোর করে পর্নোগ্রাফি দেখাতেন, তাদের নগ্ন ছবি তুলতেন এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করতে বাধ্য করতেন। নির্যাতন থেকে বাঁচতে সন্তানদের মারধর করা হত এবং চলত মানসিক চাপ সৃষ্টি। গত মাসে অন্নপূর্ণা পুজোর সময় দুই সন্তান তাদের বাবার কাছে গিয়ে মায়ের এই কুকীর্তির কথা জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
অভিযোগে আরও জানা গেছে, অভিযুক্ত মহিলা কখনও খেলনার প্রলোভন দেখিয়ে, আবার কখনও লাঠি ও রড দিয়ে মারধর করে সন্তানদের বশ করার চেষ্টা করতেন। এমনকি ছুরি দেখিয়ে আত্মহত্যার প্ররোচনা এবং অপরিচিত পুরুষের সামনে দাঁড় করিয়ে চাপ সৃষ্টির মতো ভয়ানক অভিযোগও উঠেছে। অত্যাচারে অতিষ্ঠ হয়ে এক সন্তান আত্মহত্যার চেষ্টাও করেছিল বলে তার বাবা জানিয়েছেন। এই ঘটনার পর ৩১ মার্চ শিশুদের বাবা লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে পুলিশ অভিযুক্ত মহিলার বিরুদ্ধে পকসো আইনের ৪, ৮, ১২ ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। গত ৮ এপ্রিল ওই মহিলাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হলে ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে নাবালক দুই ভাই তাদের বাবার কাছে নিরাপদ রয়েছে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির (CWC) তত্ত্বাবধানে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে। মামলার তদন্ত চলছে।