সনিয়া গান্ধীর স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে বিতর্ক, প্রপৌত্রের আইনি নোটিস

বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে সনিয়া গান্ধীর লেখা স্মৃতিকথায় করা মন্তব্যের জেরে আইনি নোটিস পাঠিয়েছেন সাভারকরের প্রপৌত্র সাত্যকি সাভারকর। গত ১০ নভেম্বর প্রকাশিত বইটির ২০১ এবং ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকর সম্পর্কে যে তথ্য দেওয়া হয়েছে, তা বিভ্রান্তিকর ও সম্মানহানিকর বলে দাবি করা হয়েছে।
আইনজীবী সংগ্রাম কোলহাতকরের মাধ্যমে পাঠানো এই নোটিসে সনিয়া গান্ধীকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং বইয়ের বিতর্কিত অংশগুলি সংশোধন করতে হবে। অন্যথায় আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নোটিসে অভিযোগ করা হয়েছে, বইয়ের ২০১ নম্বর পৃষ্ঠায় সাভারকরকে ব্রিটিশদের কাছে ক্ষমা ভিক্ষা করা এবং চরবৃত্তির সঙ্গে যুক্ত বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সাভারকরের দীর্ঘ কারাবাস ও আন্দামানের সেলুলার জেলে তাঁর ওপর চলা অমানবিক নির্যাতনের ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপেক্ষা করে এই বিকৃত তথ্য পরিবেশন করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এছাড়া ৪৪৩ নম্বর পৃষ্ঠায় সাভারকরের হিন্দুত্ববাদী আদর্শকে ভুলভাবে ব্যাখ্যা করে তাঁকে ‘হিন্দুরাই সর্বোচ্চ’ এমন দৃষ্টিভঙ্গির প্রবক্তা হিসেবে তুলে ধরা হয়েছে, যা তাঁর রাজনৈতিক দর্শনের পরিপন্থী। সনিয়া গান্ধীর এই বই প্রকাশের পর থেকেই সাভারকরকে নিয়ে করা মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনার নেতারা প্রকাশ্যে বইয়ের পাতা ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন এবং বিতর্কিত অংশগুলি বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। সেই বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই এবার আইনি নোটিসের মুখে পড়লেন সনিয়া গান্ধী। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সাত্যকি সাভারকর।