সইয়ের বিতর্কের ২৪ ঘণ্টা না কাটতেই অভিষেকের বাড়িতে সিআইডি!
লোকসভা ভোটের সময় দেওয়া একটি ‘উস্কানিমূলক’ ও ‘হুমকি’ সংক্রান্ত বক্তব্যের জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে পৌঁছেছেন রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (সিআইডি) তদন্তকারীরা। শুক্রবার বিকেলে সিআইডির একটি বিশেষ দল ওই নোটিস নিয়ে তাঁর বাসভবনে উপস্থিত হয়। তবে সেই সময় সাংসদ বাড়িতে না থাকায় নোটিস গ্রহণ ও হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতা তৈরি হয় এবং তাঁর অফিস ও আইনজীবীদের উপস্থিতিতে তদন্তকারীদের আলোচনা করতে হয়।
নির্বাচন চলাকালীন এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘চার তারিখের পরে ডিজে বাজানো এবং যথাযথ জবাব দেওয়া’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। বিরোধীদের অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে রাজনৈতিক কর্মীদের হুমকি দেওয়া হয়েছে, যে ঘটনায় বাগুইআটি থানা ও বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় এফআইআর দায়ের হয়েছিল। বর্তমানে সিআইডি এই মামলার তদন্ত করছে। উল্লেখযোগ্য যে, বৃহস্পতিবারই সই জালিয়াতির একটি মামলায় দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, চব্বিশ ঘণ্টা না কাটতেই অন্য একটি মামলায় সাংসদের বাসভবনে তদন্তকারীদের উপস্থিত হওয়ার বিষয়টি রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে।