শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দুই শর্ত দিল নয়াদিল্লি, দাবি রিপোর্টে

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দুই শর্ত দিল নয়াদিল্লি, দাবি রিপোর্টে

প্রায় দু’বছর আগে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হাসিনার এই সিদ্ধান্তের পেছনে ভারতের সম্মতি রয়েছে। নয়াদিল্লি চাইছে হাসিনা বাংলাদেশে ফিরে যান, তবে তার আগে বর্তমান সরকারের কাছে দুটি প্রধান শর্ত রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো হাসিনার নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁকে আইনি সুরক্ষা প্রদান করা।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রথম শর্ত হলো, হাসিনা যে ভাবে বাংলাদেশের সেনার বিমানে ভারতে এসেছিলেন, সেভাবেই তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে ফেরার পর হাসিনা যাতে তাঁর বিরুদ্ধে থাকা মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই আন্দোলনের ঘটনা নিয়ে নতুন করে সুষ্ঠু বিচার প্রক্রিয়া শুরু হয়, তা নিশ্চিত করতে হবে। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে, গত ৯ নভেম্বর হাসিনা ঢাকার কাছে পাসপোর্ট চেয়ে আবেদন জানিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তাঁর আইনজীবীর মাধ্যমে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ সরকার হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল, তবে ভারত সেই অনুরোধে সাড়া দেয়নি। সাউথ ব্লকের মতে, দীর্ঘদিনের আস্থাভাজন বন্ধুকে সরাসরি বন্দি করে হস্তান্তর করা ভারতের পক্ষে সম্ভব ছিল না।

বিশ্লেষকদের মতে, হাসিনার ফেরা নিয়ে দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অক্টোবরের শুরুতে ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর দিল্লি সফর এবং সেনাপ্রধানের সঙ্গে তাঁর বৈঠক এই প্রক্রিয়ারই অংশ বলে মনে করা হচ্ছে। তবে হাসিনা শেষ পর্যন্ত ফিরতে পারবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ভারত সরকার মনে করছে, হাসিনা ফিরতে চাইলে বাংলাদেশ সরকার নানা অজুহাতে তা আটকে দিলে দায়ভার তাদের ওপরই বর্তাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *