শিলিগুড়িতে আসছে IIT বা IIM! জমি খুঁজতে তৎপর রাজ্য সরকার – বর্তমান বাংলা

শিলিগুড়িতে আইআইটি বা আইআইএম স্থাপনের উদ্যোগ, মাটিগাড়া ও নকশালবাড়িতে চলছে জমি পরিদর্শন
শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিক্ষা ও পরিকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে শিলিগুড়িতে একটি আইআইটি (IIT) অথবা আইআইএম (IIM) স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার প্রেক্ষিতে শিলিগুড়ির মাটিগাড়া ও নকশালবাড়ি ব্লকে সম্ভাব্য জমি পরিদর্শন শুরু করেছে প্রশাসন।
জানা গিয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের জন্য প্রাথমিকভাবে চারটি জমির খতিয়ান দেখা হয়েছে। চিহ্নিত জমিগুলো একসময় চা বাগানের অন্তর্ভুক্ত ছিল। জমি চূড়ান্ত হওয়ার পরই রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, জয়ের পরেই তিনি এই প্রকল্পের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বিষয়টি নিয়ে প্রশাসনের তৎপরতা বেড়েছে। প্রতিমন্ত্রী বলেন, “মাটিগাড়া ও নকশালবাড়িতে চারটি জায়গা প্রাথমিকভাবে দেখা হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারকে সব তথ্য জানানো হয়েছে। আমরা আশা করছি, দ্রুত রাজ্যের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন বা গ্রিন সিগন্যাল পাওয়া যাবে।”
উল্লেখ্য, সম্প্রতি শিলিগুড়িতে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করেন। তার মধ্যে শিলিগুড়িতে একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা আইআইটি/আইআইএম তৈরির বিষয়টি গুরুত্ব পায়। মুখ্যমন্ত্রী সে সময় শিলিগুড়িকে উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমানে সেই লক্ষ্যেই প্রশাসনিক স্তরে জমি সংক্রান্ত প্রাথমিক কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।