শালিকের জীবন বাঁচাতে গিয়ে অকালে বিদায় নিলেন কিশোর, শোকে স্তব্ধ কল্যাণী!
নদীয়ার কল্যাণী থানার শোকুনা গ্রাম পঞ্চায়েতের লিচুতলা এলাকায় বজ্রাঘাতে মানস ব্যাপারী নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে প্রবল ঝড়বৃষ্টির সময় শালিকপাখির ছানাদের বাঁচাতে গিয়ে সে বজ্রপাতের কবলে পড়ে। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোরটি প্রকৃতিপ্রেমী ছিল এবং বাড়ির কাছে একটি শালিকপাখির বাসার দেখাশোনা করত। ঝড়বৃষ্টির সময় পাখির ছানাগুলো বিপদে পড়বে—এই আশঙ্কায় বাবার নিষেধ অমান্য করেই সে বাইরে বেরিয়েছিল। মানসের বাবা সবজি ব্যবসায়ী দীপক ব্যাপারী কয়েক মাস আগে দুর্ঘটনায় কর্মক্ষমতা হারানোয় পরিবারটি আগে থেকেই আর্থিক অনটনের মধ্যে ছিল। একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।