শহরজুড়ে আবাসন নির্মাণ কি বন্ধ থাকছে? ক্রেডাইয়ের বড় ঘোষণায় স্বস্তি! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
তারাতলায় গোডাউন বিপর্যয়ের পর কলকাতাসহ ১৩টি পুরসভা এলাকায় সমস্ত নির্মীয়মাণ বাণিজ্যিক ও ছয় তলার বেশি আবাসিক ভবনের ‘সেফটি অডিট’ শুরু করেছে রাজ্য। এর জেরে প্রায় দু’মাস ধরে কাজ বন্ধ রয়েছে। তবে আবাসন নির্মাতাদের সংগঠন ‘ক্রেডাই’ জানিয়েছে, ইতিমধ্যে ২৯৩টি নির্মাণ ছাড়পত্র পেলেও ২৬৬টি প্রকল্পের স্ক্রুটিনি এখনও বাকি রয়েছে। সরকারের নির্ধারিত ১৫ আগস্ট সময়সীমার মধ্যেই বাকিগুলির ছাড়পত্র মিলবে বলে আশা করা হচ্ছে।
পুরসভা সূত্রে জানা যায়, মোট ৭০৬টি নির্মাণের মধ্যে ৫৮৫টি অডিটের আগ্রহপত্র জমা দেয়, যার মধ্যে ২০৪টি ছাড়পত্র এবং ৮৯টি শর্তসাপেক্ষ অনুমোদন পেয়েছে। এদিকে, কাঁচামালের দাম বৃদ্ধি ও কাজের শ্লথগতির মধ্যেও ফ্ল্যাট বুকিং করা ক্রেতাদের কাছ থেকে কোনো বাড়তি অর্থ নেওয়া হচ্ছে না বলে নিশ্চিত করেছে ক্রেডাই। পাশাপাশি, বেআইনি নির্মাণ রুখতে এবং এই শিল্পের স্বচ্ছতা বজায় রাখতে ক্রেতাদের ‘েরা’ (RERA) নিবন্ধিত ডেভেলপারদের থেকে ফ্ল্যাট কেনার পরামর্শ দিয়েছেন কতৃপক্ষ।