লোকতন্ত্র সেনানীদের জন্য সুখবর, মিলবে ১০ হাজার টাকা ভাতা ও ফ্রি বাস!
১৯৭৫ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনকারী ৩২৫ জন ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বীর সংগ্রামীদের প্রত্যেককে তাম্রপদক প্রদান করা হয়। একইসঙ্গে তাঁদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতা, সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ এবং সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এই সুযোগ-সুবিধা প্রয়াত লোকতন্ত্র সেনানীদের স্ত্রী বা স্বামীরাও ভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
জরুরি অবস্থার সেই সময়কালে সারা দেশে প্রায় এক লক্ষ মানুষ জেলবন্দি হয়েছিলেন, যার মধ্যে শুধু বাংলা থেকেই ছিলেন অন্তত ৫ হাজার জন। মুখ্যমন্ত্রীর মতে, গণতন্ত্রের কণ্ঠরোধের বিরুদ্ধে তাঁদের এই ত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয়। এছাড়া, আগামী ১৩ আগস্ট ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে মুখ্যসচিবের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির মাধ্যমে শ্যামাপ্রসাদের আদর্শ ও বঙ্গভঙ্গের প্রকৃত ইতিহাস রাজ্যের পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।