লকআপের মেঝেতে নির্ঘুম রাত, নাভিশ্বাস উঠল প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর!
পুলিশ হেফাজতে কাটল প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর প্রথম রাত। ডাল ও রুটি খেয়ে লকআপের মেঝেতে বন্দিদশা কাটানো এই নেতার বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে আইনি চাপ ক্রমশ বাড়ছে। দিনহাটা পুরসভার চেয়ারম্যান থাকাকালীন নিয়মবহির্ভূতভাবে অর্থ সংগ্রহের অভিযোগে তাঁর বিরুদ্ধে স্থানীয় বাসিন্দা বিজয় সাহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একই সঙ্গে সিপিএমের পক্ষ থেকেও আরও ৫৫ জনের কাছ থেকে বেআইনিভাবে টাকা তোলার তথ্য ও প্রমাণসহ তালিকা পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
উদয়ন গুহের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে দিনহাটায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। প্রাক্তন মন্ত্রীর বাসায় বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্তের খাবার পাঠানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র মতপার্থক্য তৈরি হয়, যার জেরে দীপ্তিমান সেনগুপ্তর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জনরোষের আশঙ্কায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। নিরাপত্তার খাতিরে এবং জনরোষ এড়াতে হাসপাতালে না নিয়ে থানার ভেতরেই প্রাক্তন মন্ত্রীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।