রোবোটিক অস্ত্রোপচারে নতুন জীবন পেলেন বাংলাদেশি তরুণ, দীর্ঘ যন্ত্রণার অবসান!

দীর্ঘদিনের অসহ্য পেট ও কোমরের যন্ত্রণা থেকে মুক্তি পেলেন বাংলাদেশের পঞ্চগড়ের ২৬ বছর বয়সী তরুণ হরগোপাল রায়। দীর্ঘদিন ধরে রোগে ভুগলেও দেশে সঠিক কারণ শনাক্ত না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনি কলকাতায় আসেন। ডিসান হসপিটালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের পরীক্ষায় জানা যায়, তাঁর ডান কিডনিতে ‘পেলভি-ইউরেটেরিক জাংশন (পিইউজে) অবস্ট্রাকশন’ এবং কিডনির নিচের অংশে পাথর রয়েছে, যার ফলে কিডনি ফুলে যাওয়ার মতো জটিল সমস্যা সৃষ্টি হয়েছিল।

কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডা. সুজয় বসাকের নেতৃত্বাধীন চিকিৎসক দল রোবোটিক-সহায়ক পাইলোপ্লাস্টির মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন। এই অত্যাধুনিক পদ্ধতিতে রোগীর মূত্রপ্রবাহের বাধা সৃষ্টিকারী অংশটি অপসারণ করে নতুন করে পথ তৈরি করা হয়। অস্ত্রোপচার সফল হওয়ার পর কোনো জটিলতা ছাড়াই তরুণটি সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ডিসান হসপিটালের চেয়ারম্যান সজল দত্ত জানিয়েছেন, আন্তর্জাতিক কোনো রোগীর ক্ষেত্রে এটি তাদের প্রথম সফল রোবোটিক ইউরোলজিক্যাল অস্ত্রোপচার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *