রেস্তোরাঁর ফ্রিজে পচা খাবার, রান্নাঘরে মরা ইঁদুর! চরম অস্বাস্থ্যকর পরিবেশে তোলপাড় কাটোয়া। – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
September 5, 202612:34 pm
পূর্ব বর্ধমানের কাটোয়া শহরের ব্যস্ত স্টেশন বাজার এলাকার একটি নামী দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁয় আচমকা অভিযান চালিয়ে ভয়াবহ অনিয়মের ছবি পেল কাটোয়া পুরসভা। ধোসা ও ইডলির জন্য জনপ্রিয় এই রেস্তোরাঁর রান্নাঘরে ঢুকেই চমকে যান পুরসভার আধিকারিকরা।
অভিযান চলাকালীন দেখা যায়, চরম অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশের মধ্যেই চলছে খাবার তৈরির কাজ। রান্নাঘরের মেঝেতে পড়ে রয়েছে মরা ইঁদুর এবং চারপাশে ছড়ানো ইঁদুরের মল। ক্রেতাদের রান্নার বাসনপত্র রাখা রয়েছে শৌচাগারের ঠিক লাগোয়া জায়গায়। রেস্তোরাঁর ফ্রিজ খুলতেই দেখা যায় একাধিক খাদ্যসামগ্রী ও পচা শসায় ধরেছে ছত্রাক। দীর্ঘক্ষণ ধরে কেটে রাখা নোংরা সবজি ও নিম্নমানের মশলা দিয়ে প্রস্তুত করা হচ্ছিল খাবার, এমনকি পরিবেশনের প্লেটগুলিতেও জমে ছিল পুরনো ময়লার আস্তরণ।
এছাড়া, আইনকানুন তোয়াক্কা না করে রেস্তোরাঁর ছাদে গড়ে তোলা হয়েছিল একটি বেআইনি অস্থায়ী রান্নাঘর। একই অভিযানে শহরের অপর একটি খাবার দোকান থেকেও বিপুল পরিমাণ বাসি মাংস উদ্ধার করেন আধিকারিকরা। পুরসভার এগজিকিউটিভ অফিসার অবিলম্বে সমস্ত বিষাক্ত ও বাসি খাবার নষ্ট করার নির্দেশ দেন।
কাটোয়া পুরসভার আধিকারিক চঞ্চলকুমার মণ্ডল স্পষ্ট জানিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রেস্তোরাঁগুলিতে স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। প্রথম দফায় কড়া সতর্কবার্তা ও নোটিস জারি করার পাশাপাশি পুনরায় অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অন্যদিকে, রান্নাঘরে মরা ইঁদুর থাকা নিয়ে এক রেস্তোরাঁ কর্মীর দাবি, সেটি নাকি আগের দিন মারা গিয়েছিল এবং তা পরিষ্কার করতে দেরি হয়ে যায়।