রেল প্রকল্পে অভাবনীয় গতি, রাজ্যে আসছে বিশেষ টাস্ক ফোর্স!
রাজ্যে থমকে থাকা রেল প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করার লক্ষ্যে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে এই টাস্ক ফোর্সের চেয়ারম্যান পদে নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় রেল মন্ত্রক ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে গঠিত ২০ সদস্যের এই কমিটিতে স্বরাষ্ট্র, পরিবহণ, ভূমি ও ভূমি সংস্কার এবং পূর্ত দপ্তরের শীর্ষ আধিকারিকদের পাশাপাশি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, উত্তর-পূর্ব সীমান্ত রেল, মেট্রো রেল, রেল বোর্ড এবং আরভিএনএল-এর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা সমাধান, প্রশাসনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে আইনি ও প্রশাসনিক জটিলতা দূর করাই এই টাস্ক ফোর্সের প্রধান লক্ষ্য। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের রাজ্য সফরের পর এই উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রাজ্যে এক লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রতিশ্রুতির পাশাপাশি থমকে থাকা প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশিকা অনুযায়ী, টাস্ক ফোর্স প্রতি সপ্তাহে প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করবে এবং মুখ্যসচিব প্রতি মাসে একটি করে বৈঠক করে কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন।