রাহুল গান্ধীর বিস্ফোরক দাবি মোদী-শাহের বিরুদ্ধে!
নারী সংরক্ষণ বিল নিয়ে রাহুল গান্ধীর গুরুতর অভিযোগ: ‘নির্বাচনী মানচিত্র বদলের ষড়যন্ত্র’
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নারী সংরক্ষণ বিল নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। তামিলনাড়ুর রানিপেটে এক নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, এই বিল পাসের নামে বিজেপি সরকার দেশের নির্বাচনী মানচিত্র বদলে দেওয়ার এক ‘কুটিল’ ষড়যন্ত্র করছে। তার মতে, এই পরিকল্পনার আড়ালে দক্ষিণ ভারত ও ছোট রাজ্যগুলোকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে তারা।
রাহুল গান্ধী অভিযোগ করেন, বিজেপি সরকার সীমানা পুনর্নির্ধারণকে (ডিলিমিটেশন) একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। আসাম ও জম্মু-কাশ্মীরের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে যেভাবে নির্বাচনী মানচিত্র পরিবর্তন করা হয়েছে, একই কৌশলে সারা দেশে আধিপত্য বিস্তারের পরিকল্পনা চলছে। তিনি আরও দাবি করেন, বিজেপি ভারতের ‘রাজ্যসমূহের সংঘ’ কাঠামোর ওপর আঘাত হেনে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের অধিকার কেড়ে নিতে চায়।
এই বিল পাসের চেষ্টাকালে বিরোধী দলগুলো একজোট হয়ে রুখে দাঁড়ানোয় বিজেপির এই পরিকল্পনা সফল হয়নি বলে বিরোধী দলনেতা জানান। তিনি স্পষ্ট করেন যে, সংবিধান অনুযায়ী প্রতিটি রাজ্যের নিজস্ব গুরুত্ব রয়েছে, যা বর্তমান সরকার খর্ব করতে চাইছে। আসন্ন বিধানসভা নির্বাচনে দক্ষিণ ভারতের রাজনৈতিক শক্তিতে এই পরিবর্তনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে তিনি ভোটারদের সতর্ক করেন।