রাস্তার ধারে লক্ষ লক্ষ টাকার সরকারি ওষুধ, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য!
নদিয়ার শান্তিপুর থানার উদয়পুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। রাস্তার পাশে পড়ে থাকা এই ওষুধের মধ্যে প্রচুর ট্যাবলেট ও সিরাপের বোতল রয়েছে। পথচলতি মানুষের নজরে আসার পর থেকেই লক্ষ লক্ষ টাকার সরকারি সম্পত্তি এভবে ফেলে রাখা এবং কেন সময় থাকতেই এগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছাল না, তা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ও বিতর্ক তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কিছুদিন ধরেই তারা রাস্তার ধারে এই ওষুধগুলো পড়ে থাকতে দেখছেন, তবে কারা বা কেন এগুলি সেখানে ফেলেছে সে বিষয়ে তারা কিছু জানেন না। রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তনের আবহে ঘটা এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি কিংবা কোনো বড়সড় চক্রের যোগসাজশ রয়েছে কি না, তা খুঁজে বের করতে পুলিশ দোষীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।