রান্নার গ্যাসের ভর্তুকি কি বন্ধ হচ্ছে? ফোনে মেসেজ এলে যা করবেন
পেট্রোলিয়াম মন্ত্রক এলপিজি (LPG) ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে আয়কর দপ্তরের রেকর্ডের সাথে গ্রাহকদের তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলো ইতিমধ্যেই এই বিষয়ে অনেক গ্রাহককে চূড়ান্ত নোটিশ পাঠাতে শুরু করেছে। সরকারের মূল লক্ষ্য হলো, স্বচ্ছল পরিবারগুলো যাতে অন্যায্যভাবে ভর্তুকি না পায় তা নিশ্চিত করা।
কাদের ভর্তুকি বন্ধ হওয়ার সম্ভাবনা?
সরকারি নিয়ম অনুযায়ী, যে সকল পরিবারের বার্ষিক করযোগ্য আয় (Taxable Income) ১০ লক্ষ টাকার বেশি, তারা রান্নার গ্যাসে কোনো ভর্তুকি পাবেন না। আয়কর দপ্তরের ডেটাবেস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যাদের আয় এই সীমার ওপরে, তাদের মোবাইল নম্বরে ইতিমধ্যেই মেসেজ পাঠানো হচ্ছে। এই মেসেজ পাওয়ার সাত দিনের মধ্যে পদক্ষেপ না নিলে স্থায়ীভাবে ভর্তুকি বন্ধ হয়ে যাবে।
মেসেজ পেলে করণীয় ও সমাধানের উপায়
যদি আপনার পরিবারের বার্ষিক করযোগ্য আয় ১০ লক্ষ টাকার কম হওয়া সত্ত্বেও এমন মেসেজ পান, তবে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে করণীয়গুলো হলো:
- হেল্পলাইনে যোগাযোগ: দ্রুত অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর ১৮০০-২৩৩৩-৫৫৫-এ ফোন করুন।
- অনলাইন অভিযোগ: সংশ্লিষ্ট তেল কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে গিয়ে আপনার আয়ের সপক্ষে তথ্য প্রদান করে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
- সতর্কতা: মেসেজ পাওয়ার সাত দিনের মধ্যে কোনো উত্তর না দিলে সংস্থা ধরে নেবে আপনার আয় ১০ লক্ষ টাকার বেশি, এবং সেক্ষেত্রে ভর্তুকি চিরতরে বন্ধ করে দেওয়া হবে।
পেট্রোলিয়াম মন্ত্রকের এই নতুন পদক্ষেপের ফলে প্রকৃতপক্ষে যারা ভর্তুকি পাওয়ার যোগ্য, তাদের কাছেই সরকারি সুবিধা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে ভুলবশত ভর্তুকি বন্ধের হাত থেকে বাঁচতে গ্রাহকদের সচেতন থাকা জরুরি।