রাজ্যে আরএসএস-এর হাজার স্কুল, বড় ঘোষণা শুভেন্দুর! – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
September 4, 202612:33 pm
রাজ্যে রাষ্ট্রবাদী শিক্ষাব্যবস্থা প্রসারে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী এক বছরের মধ্যে রাজ্যে আরএসএস পরিচালিত বিদ্যাভারতীর বিদ্যামন্দিরের সংখ্যা এক হাজারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি। বৃহস্পতিবার গোলপার্কে তিনি জানান, পঞ্চায়েত থেকে জেলা সদর পর্যন্ত দ্বাদশ শ্রেণি মানের এই বিদ্যালয়গুলোর পরিকাঠামো গড়ে তোলা হবে এবং রাজারহাটে একটি বিদ্যালয় নির্মাণের জন্য সরকার জমি দেবে। শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের আদর্শ মেনে মাদ্রাসা বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা নীতির বদলে সবার জন্য সমান শিক্ষাব্যবস্থা চালুর পক্ষে জোরালো সওয়াল করেন তিনি।
পূর্বতন সরকারের শিক্ষানীতির কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের সিলেবাসে পরিকল্পিতভাবে ‘আম্মা’ বা ‘আসমান’-এর মতো শব্দ ঢুকিয়ে ভাষার বিকৃতি ঘটানো হয়েছিল। নির্দিষ্ট একটি সম্প্রদায়ের পড়ুয়াদের স্কলারশিপ দেওয়ার তীব্র বিরোধিতা করে তিনি জানান, ওই ব্যবস্থা চলতে থাকলে এ রাজ্যের শিক্ষার সঙ্গে বাংলাদেশের ইসলামিক শিক্ষার কোনও তফাৎ থাকত না। পাশাপাশি, মাতৃভাষা ও কম্পিউটারের প্রসার রুখে দেওয়ার জন্য বাম আমলেরও সমালোচনা করেন তিনি। বর্তমান সরকার এই বৈষম্য দূর করে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগরের আদর্শকে পাথেয় করে পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম এবং রাষ্ট্রবাদ জাগিয়ে তুলতে বদ্ধপরিকর।