রাজ্যজুড়ে মহাসমারোহে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে মোদি-শুভেন্দু!
ক্ষমতার পালাবদলের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আগামী ২০ জুন আনুষ্ঠানিকভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নবান্নের তরফে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উদযাপনের মূল কেন্দ্রবিন্দু হুগলির তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথা রয়েছে। ১৯৪৭ সালের ২০ জুন অবিভক্ত বাংলার আইনসভার ভোটে ভারতীয় অংশের বিধায়কদের পশ্চিমবঙ্গ রাজ্য গঠনের পক্ষে রায় দেওয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে এই দিনটি সরকারিভাবে পালিত হবে।
নবান্নের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলায় সাংস্কৃতিক উৎসব, প্রদর্শনী ও আলোচনাসভার আয়োজন করতে হবে। সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং আইটিআই ও পলিটেকনিক কলেজগুলোতে বিশেষ অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও লেকচারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য জেলাশাসকের নেতৃত্বে জেলায় জেলায় উচ্চপর্যায়ের ‘জেলা-স্তরের পশ্চিমবঙ্গ দিবস উদযাপন কমিটি’ গঠন করা হয়েছে। কলকাতা ও জেলার মূল অনুষ্ঠানগুলোতে রাজ্য মন্ত্রিসভার সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।