রাজারহাটের বুথে মাত্র ৫ ভোট, তৃণমূলের বিরুদ্ধে হাইকোর্টে তাপস!
রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। মাত্র ৩১৬ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হওয়ার পর, গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তিনি। তাপস চট্টোপাধ্যায় ভোট পুনর্গণনা এবং নির্বাচনের যাবতীয় নথিপত্র আদালতের হেফাজতে সংরক্ষণের আবেদন জানিয়েছেন।
তৃণমূল প্রার্থীর অভিযোগের কেন্দ্রে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত ১৬৪ নম্বর বুথটির ফলাফল। কমিশন প্রকাশিত তথ্য অনুযায়ী, ৬৫৬টি প্রদত্ত ভোটের মধ্যে বিজেপি সেখানে ৬৩৭টি ভোট পেয়েছে, যেখানে তৃণমূল পেয়েছে মাত্র পাঁচটি। তাপস চট্টোপাধ্যায়ের দাবি, মুসলিম প্রধান এলাকায় এই ফলাফল রাজনৈতিক বাস্তবতার পরিপন্থী। একইসঙ্গে তিনি ১৬৫ নম্বর বুথের পরিসংখ্যান তুলে ধরে জানিয়েছেন, সেখানে বিজেপি মাত্র ৩২টি ভোট পেলেও তৃণমূল ও বাম প্রার্থী বড় ব্যবধানে এগিয়ে ছিলেন। পার্শ্ববর্তী দুটি বুথের ফলাফলের এই আকাশ-পাতাল পার্থক্যের বিষয়ে স্বচ্ছ তদন্ত ও আইনি প্রতিকার চেয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।