রাজনাথের চ্যালেঞ্জ “নারীশক্তি রুখবে কে!”
নারী সংরক্ষণ বিল বাস্তবায়নে বিজেপি সরকার দৃঢ়প্রতিজ্ঞ, বিরোধীদের সমালোচনা
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বিজেপি সরকার সংসদ ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণে দৃঢ়প্রতিজ্ঞ। তামিলনাড়ুর এক নির্বাচনী জনসভায় তিনি জানান, বিরোধী দলগুলোর বাধার মুখে সংশোধনী বিলটি সংসদে পাস না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই লক্ষ্য পূরণে কোনো আপস করা হবে না। তিনি কংগ্রেস ও ডিএমকে-সহ বিরোধী দলগুলোর সমালোচনা করে বলেন, তারা এ ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
রাজনাথ সিং তামিলনাড়ুর বর্তমান ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে ভোটারদের পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, রাজ্যের সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এবং বিভিন্ন সরকারি কেলেঙ্কারি ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার নজরে থাকা মন্ত্রীদের প্রসঙ্গ টেনে পরিবর্তনের বার্তা দেন। রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি সনাতন ধর্মের সুরক্ষা ও ধর্মীয় ঐতিহ্য রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার সনাতন ধর্ম নিয়ে উপহাস করছে এবং ধর্মীয় আচারে বাধা দিচ্ছে। তিনি আশ্বাস দেন, এনডিএ জোট ক্ষমতায় এলে ঐতিহ্যবাহী দীপ প্রজ্বলনসহ সকল ধর্মীয় রীতি পালনের পূর্ণ স্বাধীনতা ও নিশ্চয়তা প্রদান করা হবে।