রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বহুতলে ঝলসে মৃত ৩!
June 12, 2026
দিল্লির তুঘলকবাদ এলাকায় শুক্রবার গভীর রাতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় ছয় থেকে আটজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘনবসতিপূর্ণ ওই ভবনের ভেতরে আরও বেশ কয়েকজন বাসিন্দা আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
রাত আড়াইটার দিকে ভবনটির গ্রাউন্ড ফ্লোর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ওপরের পাঁচটি তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর তিনটি ইঞ্জিন, দুটি ওয়াটার বাউসারসহ বিশেষ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর চারটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকার সরু গলি ও ঘিঞ্জি পরিকাঠামোর কারণে উদ্ধারকাজ পরিচালনায় দমকলকর্মীদের চরম বেগ পেতে হয়। প্রাথমিক তদন্তে দমকল বিশেষজ্ঞদের ধারণা, ভবনের নিচতলায় পার্কিংয়ে রাখা কোনো গাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।