যোগ দিবসে শহরে মোদী! বাড়ি থেকে বেরোনোর আগে জেনে নিন আজকের রুট ম্যাপ
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আজ কলকাতার রেড রোডে আয়োজিত মেগা ইভেন্টে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এই বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের নিরাপত্তা ও যান চলাচল ব্যবস্থায় একাধিক নিয়ন্ত্রণ আরোপ করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। আজ দুপুর ১২টা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ বেশ কিছু রাস্তায় মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ রাখা হয়েছে এবং নির্দিষ্ট কিছু রাস্তা উভয় দিকে সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। শনিবার থেকেই বিভিন্ন রুটে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও কার্যকর করা হয়েছে।
যোগ দিবসের অনুষ্ঠান এবং সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-UG) পরীক্ষার কথা মাথায় রেখে আজ শহরে ভোর ৪টে থেকেই মেট্রো পরিষেবা চালু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে এদিন সাধারণ রবিবারের তুলনায় বেশি মেট্রো চালানো হচ্ছে। স্বাভাবিকভাবে ১৫২টি মেট্রো চললেও, আজ মোট ২১৪টি (১০৭টি আপ ও ১০৭টি ডাউন) মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে এবং সারাদিন ১৪ থেকে ১৫ মিনিটের ব্যবধানে ট্রেন পাওয়া যাবে।