যোগ দিবসে রেড রোডে মোদি, সব সরকারি কর্মীর হাজিরা বাধ্যতামূলক!
আগামী ২১ জুন ‘আন্তর্জাতিক যোগ দিবস’ উপলক্ষ্যে কলকাতার রেড রোডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের সব সরকারি কর্মচারীর উপস্থিতি বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। নবান্নের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, স্থায়ী কর্মীর পাশাপাশি চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, আউটসোর্সড এবং সাম্মানিকের ভিত্তিতে কর্মরত সকল কর্মীকে এই যোগাভ্যাসে অংশ নিতে হবে।
মুখ্যসচিব মনোজ আগরওয়ালের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৮টা পর্যন্ত সংশ্লিষ্ট দপ্তর, সরকারি আবাসন, রেড রোড কিংবা মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে কর্মচারীদের যোগাভ্যাস সম্পন্ন করতে হবে। এই নির্দেশিকার যথাযথ পালন নিশ্চিত করতে সব দপ্তরের প্রধান, বিভাগীয় প্রধান এবং জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে বাংলা যোগচর্চার পীঠস্থান হওয়া সত্ত্বেও বিগত দিনে বিশ্বমঞ্চে তা কিছুটা পিছিয়ে পড়া প্রসঙ্গে বর্তমান সরকার এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের হৃতগৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করেছে।