যান্ত্রিক গোলযোগের জেরে পুণেতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের, সুরক্ষিত ১৯২ যাত্রী

রবিবার সকালে পুণে থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর একটি উড়ান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই পাইলট লক্ষ্য করেন যে, ল্যান্ডিং গিয়ারটি ভেতরে ঢুকছে না। এই যান্ত্রিক গোলযোগের বিষয়টি তিনি দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (এটিসি) জানান। এরপরই পুণে বিমানবন্দরে চূড়ান্ত জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
নিরাপত্তার খাতিরে বিমানটি রানওয়ের ওপর দিয়ে একবার নিচু দিয়ে উড়ে যায় (লো পাস), যাতে ল্যান্ডিং গিয়ারের অবস্থা পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এরপর সকাল ৯টা ৪ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে। অবতরণের পর দমকল ও অ্যাম্বুল্যান্সের উপস্থিতিতে বিমানটিকে ৭ নম্বর বে-তে নিয়ে যাওয়া হয়। সকাল ৯টা ১০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।
বিমানটিতে যাত্রী ও কর্মী মিলিয়ে মোট ১৯২ জন আরোহী ছিলেন, যারা সকলেই সুরক্ষিত রয়েছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত যাত্রী ও বিমানকর্মীদের নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে। আটকে পড়া যাত্রীদের গুয়াহাটিতে পৌঁছে দেওয়ার জন্য ইন্ডিগো কর্তৃপক্ষ বেঙ্গালুরু থেকে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করছে।