যাদবপুরের ভাগ্যে ১২০০ কোটির জ্যাকপট, তৈরি হচ্ছে ‘ইনস্টিটিউট অফ এক্সিলেন্স’!
রাজ্যে ডবল ইঞ্জিন সরকারের প্রথম বাজেটে শিক্ষা ও কর্মসংস্থানকে বিশেষ গুরুত্ব দিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই বাজেটে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ‘ইন্সটিটিউট অফ এক্সিলেন্স’ বা উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আগামী পাঁচ বছরে ১,২০০ কোটি টাকার মেগা প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যার মধ্যে ১,০০০ কোটি টাকা দেবে কেন্দ্র এবং ২০০ কোটি টাকা রাজ্য সরকার বহন করবে।
শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে উত্তরবঙ্গে নতুন আইআইটি (IIT) ও আইআইএম (IIM) স্থাপনের প্রস্তাবের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানে নতুন নবোদয় বিদ্যালয় এবং ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় আরও দুটি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে তরুণ প্রজন্মের স্বনির্ভরতা বাড়াতে ‘বাংলার উদ্যম ক্রেডিট কার্ড’ প্রকল্পের মাধ্যমে ২ লক্ষ যুবককে ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে, যার অর্ধেক সরকারি অনুদান এবং বাকি অর্ধেক সুদবিহীন ঋণ হিসেবে মিলবে। এছাড়া সরকারি ও সরকারপোষিত কলেজের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিরত শিক্ষার্থীদের জন্য এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।