যাত্রী স্বাচ্ছন্দ্যে সরকারি উদ্যোগে এবার রাস্তায় নামছে বিলাসবহুল এসি স্লিপার ভলভো বাস

যাত্রী স্বাচ্ছন্দ্যে সরকারি উদ্যোগে এবার রাস্তায় নামছে বিলাসবহুল এসি স্লিপার ভলভো বাস

রাজ্যের দূরপাল্লার রুটে যাত্রী পরিষেবার মানোন্নয়নে এবার সরকারি উদ্যোগে নামানো হচ্ছে অত্যাধুনিক এসি স্লিপার ভলভো বাস। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসবিএসটিসি-র বহরে ইতিমধ্যেই চারটি স্লিপার বাস এসে পৌঁছেছে এবং আগামী দিনে আরও বাস যুক্ত হবে। প্রতিটি স্লিপার বাসে প্রায় ৪০ জন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। বাসের অন্দরে ব্যক্তিগত রিডিং লাইট এবং মনোরম অ্যাম্বিয়েন্ট লাইটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। বাসের বাইরের নকশায় হাওড়া ব্রিজ ও দক্ষিণেশ্বর মন্দিরের মতো বাংলার সংস্কৃতির প্রতিফলন ঘটানো হয়েছে।

নতুন এই বাসগুলির রুট চূড়ান্ত না হলেও কলকাতা-পুরী, কলকাতা-শিলিগুড়ি, দুর্গাপুর-টাটানগর এবং কলকাতা-বালুরঘাটের মতো গুরুত্বপূর্ণ রুটে পরিষেবা চালুর সম্ভাবনা রয়েছে। সরকারি স্লিপার বাস চালু হলে বেসরকারি বাসের অত্যধিক ভাড়ার দৌরাত্ম্য কমবে বলে আশা করছেন সাধারণ যাত্রীরা। পরিবহন দপ্তরের দাবি, সরকারি বাসের ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হবে। প্রতিটি স্লিপার ভলভো বাসের দাম প্রায় দুই কোটি টাকা এবং সাধারণ ভলভো বাসের দাম প্রায় এক কোটি ৭৫ লক্ষ টাকা।

পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, ডাব্লুবিটিসি-র জন্য ২৭টি এবং এসবিএসটিসি-র জন্য ১০টি নতুন ভলভো বাস পর্যায়ক্রমে আসছে। তবে দূরপাল্লার বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে ভ্রমণের সরকারি নিয়মটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে দপ্তরের অন্দরে আলোচনা চলছে। কারণ, অনেক সময় অনলাইনে আসন বুক করেও মহিলা যাত্রীরা উপস্থিত না হওয়ায় বাস ফাঁকা যাওয়ার সমস্যা তৈরি হচ্ছে। এই নতুন বাস পরিষেবা চালু হলে দূরপাল্লার যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *