মেসেজে নয়, মেধা ও আইনি পথেই স্বচ্ছ শিক্ষক নিয়োগ! – বর্তমান বাংলা

মেসেজে নয়, মেধা ও আইনি পথেই স্বচ্ছ শিক্ষক নিয়োগ! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

নিউ টাউনে ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান ২০২৬’ প্রদান অনুষ্ঠানে রাজ্যের শিক্ষক নিয়োগ এবং শিক্ষা পরিকাঠামো গঠনে একাধিক গুরুত্বপূর্ণ সংস্কারের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের যাবতীয় নির্দেশিকা মেনেই সঠিক সময়ে ও স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। তিনি কড়া ভাষায় জানান, পূর্বে যেভাবে মোবাইলে মেসেজ পাঠিয়ে অনিয়ম করে নিয়োগ দেওয়া হতো, তা আর বরদাশত করা হবে না। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে। স্বজনপোষণ বন্ধ করতে এসএসসি-কে (SSC) মৌখিক বা ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন তিনি, যাতে মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করা যায়।

নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি রাজ্য পাঠ্যক্রমে বড়সর পরিবর্তনের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের আমলের বিতর্কিত বিষয় বাদ দিয়ে পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস, দেশপ্রেম এবং মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের গল্প পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার ওপর তিনি জোর দেন। বর্তমানে শিক্ষাক্ষেত্রে রাজ্য ৩১তম স্থানে অবস্থান করলেও, সঠিক পরিকল্পনার মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে পশ্চিমবঙ্গকে দেশের সেরা ১০টি রাজ্যের তালিকায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *