মেসির অনুষ্ঠান নিয়ে চরম বিতর্ক, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর ওপর কঠোর নিষেধাজ্ঞা!
গত বছর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলা ও অনিয়মের মামলায় সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনো রকম কঠোর বা দমনমূলক পদক্ষেপ না নেওয়ার জন্য বিধাননগর পুলিশকে নির্দেশ দিয়েছেন। তবে এই আইনি রক্ষাকবচ পেলেও আদালত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং আগামী সাত দিনের মধ্যে তাঁকে ট্রায়াল কোর্টে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
শুনানিকালে আদালত যুবভারতীর ওই ঘটনার তীব্র সমালোচনা করে প্রাক্তন মন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে বলেন, দেশের অন্য জায়গায় অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হলেও কলকাতায় কেন এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো। আদালতের অনুমতি ছাড়া প্রাক্তন মন্ত্রীকে থানা এলাকার বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তের প্রয়োজনে পুলিশ আবারও তাঁকে তলব করলে ৪৮ ঘণ্টা আগে নোটিশ পাঠাতে হবে এবং অরূপ বিশ্বাসকে সেই নির্দেশে হাজিরা দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামের ওই ইভেন্ট ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ ওঠে। অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে টিকিটের কালোবাজারি, তোলাবাজি, প্রতারণা এবং অপরাধমূলক হুমকির অভিযোগে এফআইআর দায়ের করেন। এই মামলার সূত্র ধরে বিধাননগর পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলেও তিনি তা এড়িয়ে গিয়েছিলেন। গ্রেফতারি এড়াতে এরপর অরূপ বিশ্বাস আদালতের দ্বারস্থ হন।