মৃতের ক্ষতিপূরণও ছাড়ল না তৃণমূল প্রধান, গ্রেপ্তার হতেই তোলপাড়!

মৃত ব্যক্তির পরিবারের জন্য সরকারিভাবে বরাদ্দ অর্থ থেকে কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল পরিচালিত চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটেকে গ্রেপ্তার করেছে বুদবুদ থানার পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশ করার সময় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিজেপি কর্মী-সমর্থকেরা ধৃত প্রধানকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দীর্ঘদিনের একাধিক দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ এই পদক্ষেপ গ্রহণ করেছে।

তদন্তে জানা গেছে, অনুপ মেটের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তোলাবাজি, অবৈধ বালি ব্যবসা এবং সরকারি আবাস যোজনায় অনিয়মের অভিযোগ রয়েছে। বিশেষত, এক মৃত শ্রমিকের পরিবারের জন্য বরাদ্দ ২ লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণের মধ্যে ১ লক্ষ টাকা তিনি কাটমানি হিসেবে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। শাসক দলের এক প্রভাবশালী জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর দুর্নীতির অভিযোগে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যার জেরে ওই এলাকায় রাজনৈতিক উত্তজনা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *