মিশন বিশ্বজয়, অঘটন এড়াতে কি প্রস্তুত আর্জেন্টিনা ও ফ্রান্স?
২০২৬ ফিফা বিশ্বকাপে আজ রাতে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে গত আসরের ফাইনালিস্ট ফ্রান্স ও আর্জেন্টিনা। ভারতীয় সময় অনুযায়ী আজ মাঝরাতে নিউ জার্সিতে ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল এবং আগামীকাল সকালে কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। স্পেনের পয়েন্ট হারানো কিংবা উরুগুয়ে ও বেলজিয়ামের হোঁচট খাওয়ার মতো ঘটনায় দুই হেভিওয়েট দলই বাড়তি সতর্ক অবস্থানে রয়েছে।
৩৮ বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসির ফিটনেস নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, মেসি সম্পূর্ণ প্রস্তুত। এদিকে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ ২০০২ বিশ্বকাপের দুঃস্মৃতি ভুলে সেনেগালের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়েছেন। একই দিনে বিশ্বকাপের মঞ্চে অভিষেক হতে যাচ্ছে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের, যার প্রতিপক্ষ ইরাক। তবে ইরাক কোচ গ্রাহাম আর্নল্ড হালান্ডকে থামিয়ে বিশ্বকে চমকে দেওয়ার হুঙ্কার দিয়েছেন।