মিড ডে মিলের মেনু নিয়ে জল্পনা, কী জানাল ইসকন?
কলকাতা পৌরনিগম এলাকার স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার ঘোষণার পর থেকেই পড়ুয়াদের পাতে ডিম থাকবে কি না, তা নিয়ে তৈরির হওয়া জল্পনা নিয়ে মুখ খুলল ইসকন কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি সাপ্তাহিক মেনুতে ডিমের উপস্থিতি না থাকায় যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ইসকন কলকাতার সহ-সভাপতি ও মুখপাত্র রাধারমণ দাস। তিনি জানিয়েছেন, মিড ডে মিলের মেনু এখনও চূড়ান্ত করা হয়নি এবং ভাইরাল হওয়া তালিকাটি ইসকনের তৈরি নয়। চূড়ান্ত মেনু ঠিক হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন।
সোমবার রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী কলকাতার স্কুলগুলোতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণা করেন, যাকে একটি ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আওতায় খাবারের গুণমান নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও, মেনুতে আমিষ খাবার নিয়ে ওঠা জল্পনার প্রেক্ষিতে ইসকন কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ভুল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে এবং আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মেনু ঘোষণার পরই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানো উচিত।