মিড-ডে মিলের দায় নয় আমাদের, হাইকোর্টে বড় দাবি ইসকনের! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে মিড-ডে মিল দেওয়া নিয়ে দায়ের হওয়া হাইকোর্টের জনস্বার্থ মামলা থেকে নিষ্কৃতি চেয়ে মামলাকারীকে চিঠি পাঠাল ইসকন (Iskcon)। সংস্থটি স্পষ্ট জানিয়েছে, কলকাতার কোনও স্কুলেই মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত নয়।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় মিড-ডে মিল প্রক্রিয়ায় ধর্মীয় সংগঠনকে যুক্ত করার বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেখানে ইসকনকে পক্ষ করা হলে জুলাই মাসের সেই মামলার প্রেক্ষিতে পাল্টা চিঠি দেয় তারা। ইসকনের বক্তব্য, কলকাতা পুরসভা বা পশ্চিমবঙ্গের অন্য কোনও স্কুলেই মিড-ডে মিল বিতরণের কাজের সঙ্গে তারা সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত নয়।
চিঠিতে ইসকন উল্লেখ করেছে, কলকাতায় খাদ্য সরবরাহের দায়িত্ব সামলায় ‘অন্নামৃত ফাউন্ডেশন’। আইনগতভাবে অন্নামৃতের পরিচালন পর্ষদ ও ইসকনের পরিচালন কমিটি সম্পূর্ণ পৃথক। তাদের কাজের পরিধি বা প্রশাসনিক ব্যবস্থার মধ্যে কোনও সম্পর্ক নেই। ফলে দু’টি সংস্থাকে এক করে দেখার সুযোগ নেই। সে কারণেই হাইকোর্টের মামলা থেকে তাদের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছে ইসকন।
উল্লেখ্য, রাজ্য বাজেটে কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে পাইলট প্রজেক্ট হিসেবে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা বলা হয়েছিল। পরবর্তীতে এই নিয়ে বিতর্ক তৈরি হয়— বিশেষ করে খুদে পড়ুয়াদের পাত থেকে ডিম বাদ পড়া এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্মসংস্থান হারানোর আশঙ্কায় সরব হয় বিরোধীরা। যদিও পরে দেখা যায় কলকাতার স্কুলে সরবরাহ করা খাবারে ডিম যুক্তই রয়েছে। আপাতত এই আইনি জট থেকে নিজেদের নাম পুরোপুরি গুটিয়ে নিতে চাইছে ইসকন।