মাদ্রাসার কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্যদপ্তর!

জরায়ুমুখ ক্যানসার বা সার্ভাইক্যাল ক্যানসার প্রতিরোধে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্র সরকারের সহযোগিতায় গত ৩০ মে থেকে রাজ্যে বিনামূল্যে যে এইচপিভি (HPV) টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল, তার পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে রাজ্যের মাদ্রাসাগুলোতে পাঠরত কিশোরী ছাত্রীদেরও এই টিকাকরণ অভিযানের আওতায় আনা হবে। স্বাস্থ্যদপ্তরের গাইডলাইন ও এসওপি (SOP) মেনে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ সমন্বয়ে দ্রুত এই কর্মসূচি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে প্রতি বছর প্রায় ৬ লক্ষ নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হন এবং প্রায় ৩.৪ লক্ষ মানুষের মৃত্যু হয়। ভারতেও নারীদের ক্যানসারজনিত মৃত্যুর অন্যতম প্রধান কারণ এই রোগ। চিকিৎসকদের মতে, ১৪-১৫ বছর বা তার বেশি বয়সের কিশোরীদের সঠিক সময়ে টিকা দিলে প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশ ক্ষেত্রে এই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কেন্দ্র থেকে পাওয়া প্রায় ৭ লক্ষ ডোজ টিকা নিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। মাদ্রাসা পড়ুয়াদের এই টিকাকরণের আওতায় আনার ফলে প্রান্তিক স্তরে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *