মাটি খুঁড়তেই বেরোল কোটি টাকার ওষুধ, ডায়মন্ড হারবারে শোরগোল!
ডায়মন্ড হারবারে মাটির নিচে পুঁতে রাখা কোটি টাকার ওষুধ উদ্ধার, চাঞ্চল্য
ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘সেবাশ্রয়’ প্রকল্পের বিপুল পরিমাণ ওষুধ মাটির নিচ থেকে উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা জেসিবি মেশিনের সাহায্যে খনন কাজ চালিয়ে এই ওষুধের হদিশ পান। উদ্ধার হওয়া ওষুধগুলোর মেয়াদ এখনও এক থেকে দুই বছর বাকি রয়েছে। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিতরণের উদ্দেশ্যে বরাদ্দকৃত এই জীবনদায়ী ওষুধগুলি বিলি না করে মাটির নিচে পুঁতে নষ্ট করা হচ্ছিল।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা উত্তম বাগের দাবি, সাধারণ মানুষের চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা। বিষয়টি ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে এবং পুলিশ ও জেলা স্বাস্থ্য দফতর বর্তমানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।